মতলবে পূর্ব শত্রুতা জেরে খুন, সীমান্ত এলাকা থেকে আসামি আটক

মোঃ খোরশেদ আলমঃ মতলব দক্ষিণ উপজেলার এমএসপি এগ্রো নামের এক গরুর খামারে পূর্ব শত্রুতার জেরে মনজিল শেখ (৫৫) নামের এক খামার শ্রমিক খুন হয়েছে। এই ঘটনার সাত ঘন্টার মধ্যে মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে খুনের একমাত্র আসামি সাগর হোসেন (২৩) কে আটক করা হয়।

শনিবার রাতে (২৯ মার্চ) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির সেলিম প্রধানের গরুর খামারে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে। অপরদিকে ঘাতক সাগর হোসেনের বাড়ি সাতক্ষীরা জেলার পায়রাডাঙ্গা গ্রামে। তার পিতার নাম আব্দুল জব্বার। সে প্রায় ৪ বছর যাবৎ এই খামারে গরু দেখাশোনার কাজ করত সে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।

খামারের মালিক সেলিম প্রধানীয়ার ছোট ভাই মো. ইয়াকুব প্রধান বলেন, মনজিল শেখ ও সাগর হোসেন দীর্ঘদিন যাবৎ আমাদের গরুর খামারে কাজ করতো।তাদের মধ্যে কথা- কাটাকাটির ঘটনা আগে-পরে বেশ কয়েকবার হয়েছে এবং তা আবার মিটিয়ে দেয়া হয়। শনিবার রাতে রাতে হয়তোবা তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল এবং তারই রেশ এ হত্যাকান্ডের ঘটনা। তিনি আরো বলেন, প্রতিদিনের মত সকালে আমি গরুর খামারের খোঁজ খবর নিতে গিয়ে দেখি, খামারে কোন সাড়া শব্দ নেই। খামারে থাকা সাগর ও মনজিল শেখ দুজনকেই ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান মনজিল শেখ চৌকির উপর পড়ে আছে। মাথায় আঘাতের চিহ্ন এবং রক্তক্ষরণ হচ্ছে। সাথে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পায় মনজিল শেখের লাশ পড়ে আছে। পাশে একটি রড। যে রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনজিল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক সাগর হোসেনকে সাতক্ষীরা জেলা পুলিশের সহায়তায় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *