পিরোজপুরে স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাছিম আলী, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক আবু সাঈদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরে মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন। তারা জানান, তাদের অনেক সহযোদ্ধা বার্ধক্যজনিত কারণে ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের কাছে সম্মানজনক স্বীকৃতি প্রত্যাশা করেন; তারা কারো করুণার পাত্র হতে চান না।বক্তারা আরও বলেন, তারা কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে চান না। যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *