ঝিনাইদহে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ স্বাধীনতার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর শাখার আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল আলীম এবং জেলা সেক্রেটারি জনাব আব্দুল আওয়াল।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ শহর শিবিরের সাবেক সভাপতি রাজু আহমেদ। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *