তারাকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননী আকলিমা; প্রেমিক পলাতক!
আহানাফ ফাহাদ। তারাকান্দা প্রতিনিধি।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর (পশ্চিম) গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন টাঙ্গাইল থেকে আসা আকলিমা নামে এক নারী। গত শনিবার থেকে শুরু হওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে প্রেমিকা বাড়িতে হাজির হওয়ার পর থেকেই প্রেমিক মাহাবুল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার মধুপুর (পশ্চিম) গ্রামের মোঃ হযরত আলীর পুত্র মাহাবুলের সাথে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পূর্ব সাধুকি গ্রামের আকলিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আকলিমা বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। প্রেমিকের দেওয়া বিয়ের প্রতিশ্রুতিতে মুগ্ধ হয়ে আকলিমা গত শনিবার তার স্বামী ও সন্তানদের ছেড়ে তারাকান্দায় মাহাবুলের বাড়িতে এসে উপস্থিত হন।
আকলিমা বাড়িতে এসে উঠলেও প্রেমিক মাহাবুল তাকে গ্রহণ না করে বাড়ি থেকে পালিয়ে যান। মাহাবুলের পরিবারের পক্ষ থেকেও বিষয়টি মেনে নেওয়া হচ্ছে না। তবে আকলিমা নিজের অবস্থানে অনড়। তিনি গণমাধ্যমকে জানান, মাহাবুলের সাথে সম্পর্কের টানেই তিনি সব ছেড়ে এসেছেন এবং বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি ছাড়বেন না।

