পিরোজপুর সদর থানা এলাকায় জনসাধারণের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি শহরের গুরুত্বপূর্ণ স্থান ও বাজারসমূহ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও কার্যকর রাখতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরাসরি মতবিনিময় করেন। এসময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, “অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পিরোজপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” পাশাপাশি তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

