থার্টি ফার্স্ট নাইটে মানবিক উদ্যোগে উদাহরণ সৃষ্টি করল সেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
আতশবাজি ও উৎসবমুখর আয়োজনে যখন দেশজুড়ে মানুষ ব্যস্ত থার্টি ফার্স্ট নাইট উদযাপনে, ঠিক তখনই ব্যতিক্রমী এক মানবিক কর্মসূচির মাধ্যমে বছরের শেষ রাতটিকে স্মরণীয় করে রাখল পিরোজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’।
বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর নেছারিয়া হাফেজি মাদ্রাসা ও এতিমখানার এতিম ও কোরআনে হাফেজ শিশুদের মাঝে খাবার বিতরণ ও শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। এ আয়োজনটি সংগঠনের সদস্যরা সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করেন।
জানা গেছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ১৫ জন তরুণের স্বেচ্ছাশ্রমে ‘পজেটিভ পিরোজপুর’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও জনসেবার মানসিকতা নিয়ে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
গত এক বছরে সংগঠনটির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—
ভারানী খাল পুনঃখনন
তিনটি গৃহহীন পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া
ভবঘুরে ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা
মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সমাজে পুনর্বাসন
অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আলীম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন, কোষাধ্যক্ষ সিরাজ খান আরিফ, দপ্তর সম্পাদক সৈয়দ আল রাজী জোহা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম খান, প্রচার সম্পাদক ফয়সাল শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতেও ‘পজেটিভ পিরোজপুর’ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে। ইতোমধ্যে এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করছে।

