পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার নামে এক তরুণীর মৃত্যু
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সুমনা আক্তার পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠি গ্রামের ফারুক সিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান (২৫) সদর উপজেলার শিক্ষা অফিস রোড এলাকার লুৎফর শেখের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, অমিত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুকের দাবিতে সুমনার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এসব কারণে প্রায় দুই মাস আগে সুমনা তাকে তালাক দেন।
ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অমিত হাসান ছুরি হাতে সুমনার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। সুমনার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলাহাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও অভিযুক্ত অমিত ফের হামলার চেষ্টা চালান। এ সময় সুমনার স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে চিকিৎসকরা সুমনাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিলে পথেই তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন,
“গুরুতর আহত অবস্থায় সুমনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়, তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন,
“সাবেক স্বামীর ছুরিকাঘাতে আহত হয়ে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।”

