খুলনা বাড়ী থেকে ডেকে এনে বটিয়াঘাটা দারোগাভিটায় হোটেল কর্মচারীর দুই হাতের কবজি কেটে দিলো দূর্বৃত্তরা
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৩৮) এর দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী আক্তার হোসেন নগরীর গল্লামারি এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি বড় বাজার এলাকার একটি হোটেলে কাজ করতেন।
ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, আমি হোটেলে কারিগরের কাজ করতাম। ১৫ দিন ধরে কোনো কাজ না থাকায় পরিবার নিয়ে কষ্টে ছিলাম। আমার পরিচিত এক ব্যক্তির কাছে টাকা ধার চাইলে সে দেখা করতে বলে। দেখা করলে সে বলে তুই আমার সঙ্গে শত্রুতা করছিস। এই বলে তার সাথে থাকা ৪-৫ জন চেপে ধরে আমার হাতের কবজি কেটে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ভুক্তভোগী সম্পর্কে জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেডিকস বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে রোগীর বাঁ ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাঁ হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।’
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘এ রকম ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্বপরিচিত। সকালে তাকে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলীনগরে একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে চারজন উপস্থিত ছিল। সন্ত্রাসীদের ধারণা ছিল, আক্তার হোসেন পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

