পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান, বলেন,“শিক্ষা কেবল চাকরি পাওয়ার মাধ্যম নয়; শিক্ষা মানুষকে আলোকিত ও নৈতিক করে তোলে। তোমাদের লক্ষ্য হওয়া উচিত একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম। তিনি বলেন,“তোমরা আজ নবীন প্রজন্মের প্রতিনিধি। ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতে। সততা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস—এই তিনটি গুণ অর্জন করলে কোনো বাধাই তোমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়। এ সময়টি নিজেকে গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সময়নিষ্ঠা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে প্রত্যেককে।”

এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মোঃ নাজিমুল হক, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এবং তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তারা সম্মিলিতভাবে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও সৃজনশীল চিন্তার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলা ঘটে। অনুষ্ঠানের শেষাংশে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *