জামায়াতের ৫ দফা দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আরেকটি স্বৈরাচারী সরকার জন্ম নেবে। অনেক রক্তের বিনিময়ে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভে জুলাই বিপ্লবের স্বাধীনতা নষ্ট করা যাবে না। মাত্র ৩০-৩৫ শতাংশ মানুষের ভোটে শতভাগ মানুষের প্রতিনিধিত্বের সুযোগ নেই। কেবল পিআর পদ্ধতির মাধ্যমেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, দুর্নীতি-লুটপাট রোধ হবে এবং নতুন স্বৈরাচার আর জন্ম নেবে না।”

