সেলিম ওসমানকে ধিক্কার জানালেন মেয়র আইভী

অপরাধ তথ্যচিত্র ডেক্স: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের প্রতি ধিক্কার জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (১ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে এনসিসি’র সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ধিক্কার জানান। মেয়র বলেন, বাংলাদেশ সরকার রাজাকারদের চিহ্নিত করছে। মুনতাসির মামুনের বইতেস্পষ্ট রাজাকারদের তালিকা রয়েছে। তাদের মধ্যে একজন এই গলাচিপার গোলাম রাব্বানী। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কথা বলে জননেত্রী শেখ হাসিনার কাছে মায়া কান্না করে পদপদবী নিয়ে এসে সংসদ সদস্য হয়ে এই নারায়ণগঞ্জকে অস্থির করে তুলছেন। তারা প্রখ্যাত রাজাকার গোলাম রাব্বানীর ছেলে খালেদ হায়দার কাজলকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন। রাইফেল ক্লাবের মতো জায়গায় সাধারণ সম্পাদক বানিয়ে রেখেছে। আমি সেই সংসদ সদস্য সেলিম ওসমানকে ধিক্কার জানাই। মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করছে তারা। এই সেলিম ওসমান, শামীম ওসমানের সাথে থেকে মুক্তিযোদ্ধাদের রাজাকার আর রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাচ্ছে। আমি মনে করি কাজলকে বর্জন করা উচিত। তা না হলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নামতে বাধ্য হবো। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। মেয়র আইভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *