প্রধান শিক্ষকের অবহেলায় এস.এস.সি পরীক্ষা দিতে পারেনি: জেসমিন।

চাঁদপুর: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় এক এস.এস.সি পরীক্ষার্থী প্রধান শিক্ষকের অবহেলায় এবারের এস.এস.সি পরীক্ষা দিতে পারেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জেসমিন আক্তার (দশম শ্রেণীর বিজ্ঞান শাখার রোল-৬৩) নবম ও দশম শ্রেণীতে নিয়মিত ছাত্রী হিসেবে অধ্যয়ন করে। যথাযথ নিয়ম মেনে এস.এস.সি পরীক্ষা দেয়ার জন্য ফরম ফিলাপ করে এবং নিয়মিত স্কুলে কোচিংও করছিল। সকল শিক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্র আসলেও জেসমিন আক্তারের প্রবেশপত্র না আসায় টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের। তখনই ওই ছাত্রী জানতে পারে তার ফরম ফিলাপ হয়নি। প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ কুমিল্লা বোর্ড থেকে প্রবেশপত্র এনে দেয়ার আশ্বাস দিয়ে তাকে লেখাপড়া চালিয়ে যেতে বলেন। (বৃহস্পতিবার) সকালে জেসমিন আক্তার পরীক্ষা কেন্দ্র উপস্থিত হলে জানতে পারেন তার এ বছর পরীক্ষা দেয়া হবে না। এ কথা জানতে পেরে ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রেই কান্নায় ভেঙ্গে পড়ে।এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহমদ মুন্সি জানান, কুমিল্লা বোর্ডে কয়েক দফা যোগাযোগ করেও ওই ছাত্রীর পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে ২০১৯ সালে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।জেসমিন আক্তার মঙ্গলবার পরীক্ষা দেয়ার সুযোগ ও এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বরাবর আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে ইউএনও শারমিন আক্তার সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ চন্দ্র ঘোষকে আহ্বায়ক এবং উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মো. সালেহ’কে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে।

