শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙলবার (০৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে (মহারশী) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল ও আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপণ ও আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় নারীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং নারীর ক্ষমতায়ন, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীদের ইতিবাচক ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *