বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্বের সক্ষমতা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা বিশ্বপরিমণ্ডলে সুদৃঢ়ভাবে তুলে ধরতে তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং স্টার্ট বাংলাদেশ হাবের চেয়ার ড. মুহম্মদ শহীদ উজ জামান।

আগামী নভেম্বর মাসজুড়ে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) এবং থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় তাঁর অংশগ্রহণের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

১. স্টার্ট নেটওয়ার্ক বার্ষিক অ্যাসেম্বলি (ইস্তাম্বুল, তুরস্ক)
আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। এই সম্মেলনে ড. শহীদ উজ জামান বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, স্থানীয় সংস্থাগুলোর নেতৃত্ব, দুর্যোগ মোকাবিলায় দেশীয় সম্পদের দক্ষ ব্যবহার এবং এনজিও-এমএফআই যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্ভাবনী উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

পাশাপাশি সফরের প্রথম দিন অর্থাৎ ৩ নভেম্বর নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় মেম্বার ট্রাস্টি পদের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

২. জাতিসংঘ জলবায়ু সম্মেলন – কপ৩১ (আনতালিয়া, তুরস্ক)
তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তাঁর সরাসরি অংশগ্রহণ থাকবে।

১৩ নভেম্বর: বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘From Loss and Damage to Local Resilience’ (ক্ষয়ক্ষতি থেকে স্থানীয় সহনশীলতা) শীর্ষক বিশেষ সেশনে ইএসডিও-এর পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

১৪ নভেম্বর: ‘Community-led Adaptation and Climate Justice’ (তৃণমূলকেন্দ্রিক অভিযোজন ও জলবায়ু ন্যায়বিচার) শীর্ষক অধিবেশনে ‘From Vulnerability to Agency’ (ঝুঁকি থেকে সক্ষমতা অর্জন) শিরোনামে একটি তথ্যবহুল গবেষণা উপস্থাপনা প্রদান করবেন। উপস্থাপনাটি ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ড. সেলিমা আখতারের যৌথ গবেষণার ভিত্তিতে প্রস্তুতকৃত, যা ২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী MOJ Public Health-এ প্রকাশিত হয়। এতে জলবায়ু ঝুঁকিতে থাকা নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সম্পদ ও সেবায় প্রবেশাধিকার এবং লিঙ্গসংবেদনশীল অভিযোজনের কৌশলসমূহ বিশেষভাবে গুরুত্ব পাবে।

এছাড়া সম্মেলনের অন্যান্য অধিবেশনে সুন্দরবন অঞ্চলে স্থানীয়দের নেতৃত্বে পরিচালিত লিঙ্গসংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজন (Nature-based Adaptation) বিষয়েও নিজের অভিমত ও অভিজ্ঞতা প্রকাশ করবেন।

৩. সেভ দ্য চিলড্রেন এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভা (ব্যাংকক, থাইল্যান্ড)
সম্মেলন সফরের শেষ পর্যায়ে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আহ্বানে এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (Regional Leadership Team–RLT) সভায় যোগ দেবেন ড. শহীদ উজ জামান। এতে এশিয়া অঞ্চলের শীর্ষ নেতৃত্বের সাথে ভাব ও মতামত বিনিময়ের পাশাপাশি ইএসডিও-এর দীর্ঘ চার দশকের উন্নয়ন অভিজ্ঞতা, উদ্ভাবন ও ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় চার দশক ধরে ইএসডিও দারিদ্র্য বিমোচন, শিশু অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা প্রদান, সামাজিক সুরক্ষা বেষ্টনী জোরদারকরণ, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং জলবায়ু অভিযোজনসহ বহুবিধ উন্নয়নমূলক কার্যক্রম অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে সংস্থাটির এই ধারাবাহিক ভূমিকা দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় এক অনন্য অনুঘটক হিসেবে কাজ করছে।

সংশ্লিষ্টদের মতে, বিশ্বপরিমণ্ডলে ড. মুহম্মদ শহীদ উজ জামানের এই অংশগ্রহণ আন্তর্জাতিক নীতি-নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। একই সাথে তা আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং নতুন আন্তর্জাতিক অংশীদারত্ব সৃষ্টির সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *