ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সাগান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহাসিন ওরফে সোহান (২৭) ওই গ্রামের ইজাল উদ্দিনের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম নজরুল ওরফে সুমন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কাপড় শুকাতে দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ সময় ছোট ভাই সোহান মাঠে কৃষিকাজ করছিলেন। পরে বড় ভাই নজরুল বাড়িতে ফিরে স্ত্রীর কাছ থেকে ঝগড়ার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন। এরপর তিনি মাঠে গিয়ে ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে সোহান গুরুতর আহত হন।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *