রায়পুরায় ‘বোমা রাজ্জাক’ গ্রেপ্তার, ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার, (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী থেকে রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’ (২৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলার তথ্য রয়েছে।

পুলিশ জানায়, রায়পুরা থানাধীন চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাঁশগাড়ী এলাকায় রাজ্জাকের অবস্থান শনাক্ত করা হয়।

পরে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নির্দেশনায় এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। এসআই শামসুল আলমের নেতৃত্বে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাককে’ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রাজ্জাক রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের চর মেঘনা গ্রামের হানিফার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, হত্যা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশ আরও জানায়, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনায় তার দায় আদালতে প্রমাণিত হওয়ার বিষয়টি বিচারাধীন।

পুলিশের দাবি, রাজ্জাক গ্রেপ্তারের পর বাঁশগাড়ীসহ আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চরাঞ্চলের অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *