মাধবদীতে নামাজরত বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ সোনার চেইন লুটের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের দাবি পুলিশের
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় জাহানারা বেগম (৭৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই নরসিংদীর মাধবদী থানার স্বর্ণনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত ছিলেন জাহানারা বেগম। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। পরে তার গলায় থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। মামলাটির তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হৃদয় মিয়া (২৭), কাদির মিয়া (২৭) ও আবু মিয়া (২৯)কে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, সোনার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে জাহানারা বেগমকে হত্যা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

