আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিষ্ণুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন বকাউলের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেনঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন বকাউলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বকাউল বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমাস জমাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন বকাউল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ।
বৈঠকে উপস্থিত ছিলেন মোকলেসুর রহমান বকাউল, মজিবুর রহমান বকাউল, বিল্লাল বকাউল, দুলাল বকাউল, সার্জেন্ট (অব.) মোঃ কামাল হোসেন, শফিক বকাউলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বকাউল, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মাকসুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মিরাজ, যুবনেতা আবুল খায়ের সবুজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনার অন্যতম মাধ্যম হলো এ ধরনের উঠান বৈঠক। সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বক্তারা আগামী দিনের রাজনীতিতে জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ আক্তার হোসেন বকাউল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করতে হবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে স্থানীয় জনগণও বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকটি শেষ পর্যন্ত এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন বকাউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *