মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
মোঃ জাবেদ হোসেন: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারি পরোয়ানামূলে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান-এর তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিঃ) জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোভা চেয়ারম্যানের বাড়ির পাশের মনিরের তেলের দোকানের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।
এ সময় ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব বেপারী (১৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকিব বেপারী কলাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম হানিরপাড় বেপারী বাড়ির মাঈনউদ্দিন বেপারীর ছেলে।
এছাড়াও মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারি পরোয়ানামূলে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

