সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশনে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেসের পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন সচল করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে যে কোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *