পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ মোঃ রাজিব খাঁ (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নূর মোহাম্মদ খাঁর ছেলে মোঃ রাজিব খাঁর (৩৮) বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার বসতঘর থেকে ০১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, যার গায়ে “মেড ইন ইউএসএ, এন-১১০১” লেখা রয়েছে, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃত রাজিব খাঁ ও উদ্ধারকৃত আলামত সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানিয়েছেন, গ্রেফতারকৃত রাজিব খাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *