বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। পরে তিনি মৎস্য অবমুক্ত করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জড়ো হন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, শুধু গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। দেশে যতবার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, ততবার গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী, শুভার্থী ও সমর্থকরা আত্মত্যাগ করেছেন।

দলের নেতাকর্মীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণ যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলটির বিভিন্ন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন। দলের জ্যেষ্ঠ নেতারাও সভায় অংশ নেবেন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *