বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ বটিয়াঘাটা শাখার উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বটিয়াঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল ০১-০৯-২০২৬ তারিখ মঙ্গলবার কর্মকর্তার নিজস্ব অফিসে এ সম্মাননা প্রদান করেন।
সম্প্রতি আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে যাত্রাশিল্পের উন্নয়ন, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প দেশের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ শিল্প নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও যাত্রাশিল্পকে টিকিয়ে রাখতে শিল্পী, সংগঠক, প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, যাত্রাশিল্পের সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ানো জরুরি। ঐতিহ্যবাহী এ শিল্পের প্রসার ও শিল্পীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের খুলনা জেলার সভাপতি সৌমেন রায়, বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা প্রেমা চৌধুরী, সহসম্পাদিকা নাসরিন পারভিন মিলি, দপ্তর সম্পাদক স্বপন জোয়ারদার এবং সদস্য সচিব সুজিত কুমার গোলদার বিমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার প্রশংসা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, দায়িত্ব পালনে তাঁর কাজের মান ও দক্ষতার ওপর আস্থা রেখে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দাকোপ উপজেলায়ও দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বটিয়াঘাটাসহ দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আরও সমৃদ্ধ ও বিকশিত হবে।

