১০ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান সিন্টু গাজী, ভাঙাচোরা রিকশায় বিপাকে পরিবার
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকার মৃত হাকিম গাজীর ছেলে সিন্টু গাজী। দীর্ঘ ১০ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। রিকশা চালিয়ে যা আয় করেন, তা দিয়েই স্ত্রী-সন্তানদের নিয়ে কোনোভাবে সংসার চালিয়ে আসছেন।
সিন্টু গাজীর সংসারে রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। পরিবারের সদস্যদের আহার জোগানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাকে।
সরেজমিনে গিয়ে সিন্টু গাজীর সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমানে তার রিকশাটি ভাঙাচোরা হয়ে যাওয়ায় ঠিকমতো চালানো সম্ভব হচ্ছে না। ফলে আগের মতো আয়ও হচ্ছে না। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ ও সন্তানদের লেখাপড়ার ব্যয় মেটাতে গিয়ে চরম সংকটে পড়েছেন তিনি।
রিকশাটি নতুন করে সংস্কার করতে তার প্রায় ১৫ হাজার টাকা প্রয়োজন। পাশাপাশি পরিবারের কয়েকদিনের আহারের জন্যও আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
অসহায় সিন্টু গাজী সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। সমাজের সামর্থ্যবান মানুষগুলো যদি মানবিকতার হাত বাড়িয়ে দেন, তাহলে তার রিকশাটি সংস্কার করা সম্ভব হবে এবং পরিবারটির জীবিকায় কিছুটা স্বচ্ছলতা ফিরে আসবে।একটি ছোট্ট সহযোগিতাই হতে পারে একটি অসহায় পরিবারের ঘুরে দাঁড়ানোর আশার আলো।

