বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার্স বালিকা বিদ্যালয় পরিদর্শনে এমপি আমীর এজাজ খান

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলা সংলগ্ন বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার্স বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন, খুলনা জেলা বিএনপির মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সাংবাদিক কামরুল ইসলাম, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খায়রুল ইসলাম খান জনি, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহরাব হোসেন মুন্সী, সিনিয়র সাংবাদিক ইমরান হোসেন সুমন, যুগ্ম সম্পাদক সেখ রাসেলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। তিনি বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আমীর এজাজ খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১ টন চাল বরাদ্দের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, উন্নত দেশ ফ্রান্সেও শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে কঠোর বিধিনিষেধ রয়েছে। তাই শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার ও আসক্তি থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সবশেষে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *