বটিয়াঘাটা উপজেলায় সাচিবুনিয়া, গজালমারী ও সুরখালী গেটসংলগ্ন তিন খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্তে প্রশাসনের ধারাবাহিক কর্মসূচি
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার খালগুলোকে অবৈধ দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার ২/আগস্ট উপজেলার সাচিবুনিয়া খাল, গজালমারী খাল এবং সুরখালী গেটসংলগ্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ দখল ও নেট পাটা অপসারণ; সব খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে খালের ওপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রতিবন্ধকতা, নেট পাটা এবং পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এর ফলে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার সব খালকে অবৈধ দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতি রবিবার নতুন দুটি খালকে কেন্দ্র করে অভিযান শুরু হবে এবং সপ্তাহজুড়ে ওই খালগুলোর অবৈধ দখল ও নেট পাটা অপসারণ করা হবে। আজ সাচিবুনিয়া খাল, গজালমারী খাল ও সুরখালী গেটসংলগ্ন খালে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সব খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, ভূমি অফিসের কানুনগো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মো. মাহতাব হোসেন, পেশকার প্রসেনজিৎ দাস, জলমা ভূমি অফিসের নায়েব মো. কামরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল দখল কিংবা পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ স্থাপনা ও কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সব খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণ ও পরিবেশ সংরক্ষণে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

