বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আঃ জব্বার, জেলা প্রতিনিধি, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সফল ও মর্যাদাপূর্ণ আয়োজন নিশ্চিত করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শৃঙ্খলাপূর্ণ আয়োজন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সভাপতি।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন, বটিয়াঘাটা থানা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক তারিকুল ইসলাম, ছাত্রনেতা ওমর হামজা, আব্দুর রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি ঘিরে গৃহীত কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে বাস্তবায়নের মাধ্যমে দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। এ লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

