ফরিদগঞ্জে পৃথক অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পরোয়ানাভুক্ত আরও ৩ আসামি আটক
মোঃ জাবেদ হোসেন: চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ১৫৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। পৃথক এসব অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় ২৭ জুলাই ২০২৬ তারিখে থানার একাধিক টিম পৃথক অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চরমান্দারী এলাকার বর্ডার বাজারে চাঁদপুর-রায়পুর মহাসড়কের পশ্চিম পাশে মানিকের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় গাব্দেরগাঁও এলাকার কামরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ১৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপর এক অভিযানে ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে নয়ারহাট সড়কের পাশে সুমনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন শাওন (১৯) ও মো. আরমান খাঁন (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে এসআই মো. রাকিবুল হাসান, এসআই আতাউর রাব্বী ও এএসআই মো. আনোয়ার জাহিদের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ফরিদগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিআর সাজা পরোয়ানাভুক্ত মো. আনোয়ার হোসেন (৪২) এবং সিআর পরোয়ানাভুক্ত সাইদুর রহমান ও মাইন উদ্দিন খান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ইয়াবাসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদেরও যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

