মহেশপুরের খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খাল থেকে আবুল হাসান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে ভবনগর গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হাসান ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরের স্বরূপপুর গ্রামের মৃত মত বাহার মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা নজমুল হাসান জানান, সকালে খালের ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত আবুল হাসান সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।##

