বটিয়াঘাটায় খড়িয়া খালে পাতা নেট জাল উচ্ছেদ করলেন ইউএনও
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় মৎস্যসম্পদ রক্ষায় খড়িয়া খালে পাতা অবৈধভাবে নেট জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান। এ সময় তার সঙ্গীয় সাথী ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন ও সরকারি পর্যায়ের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা এবং সামাজিক নেতৃবৃন্দ।
শনিবার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ানের দেবীতলা, বয়ারভাঙ্গা, বাদামতলা সহ আরও অনেক গ্রাম দিয়ে বয়ে যাওয়া খড়িয়া খালের বিভিন্ন স্থানে অভিযান চলাকালে পাতা অবৈধ নেট জাল অপসারণ করা হয়। এ সময় জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং জালে আটকে থাকা বিভিন্ন প্রজাতির ছোট মাছের পোনা খালে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ নেট জালের কারণে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং খালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
স্থানীয়রা ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ নেট জাল উচ্ছেদে ধারাবাহিক অভিযান চললে খড়িয়া খালে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলজ পরিবেশ রক্ষা পাবে।

