মাহাবুর রশিদ সংগ্রামকে ঘিরে “অপপ্রচারের অভিযোগ প্রতিবাদে ” পার্বতীপুরে সংবাদ সম্মেলন

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬ খ্রি.) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা দাবি করেন, সম্প্রতি মাহাবুর রশিদ সংগ্রামকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম, সাবেক পৌর প্যানেল মেয়র মাঞ্জুর রশিদ, রংপুর বিভাগীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান, রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে মাহাবুর রশিদ সংগ্রামের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা দাবি করেন, প্রচারিত অভিযোগগুলোর পক্ষে কোনো বাস্তবভিত্তিক তথ্য বা প্রমাণ নেই।
নেতারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীদের তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা তথ্য প্রচারের সংস্কৃতি গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *