পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের বিকল্প নেই — অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এবং “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুবসমাজকে বাঁচান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জুন) বিকেল ৫টায় পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সহযোগিতায় ছিল নামাজপুর মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন সংস্থা।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “মাদক একটি জাতীয় সমস্যা, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নামাজপুর মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন সংস্থার কার্যক্রমকে সহযোগিতা করে সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই।”নামাজপুর মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ বশির আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল হক, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমান, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার এবং চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ হুমায়ুন কবির তালুকদার।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় আরও বক্তব্য রাখেন নামাজপুর মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ খান।
সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *