দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে সংস্কৃতির মহামিলন ও ঈদ পুনর্মিলনী

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঈদের আনন্দ, রাজনৈতিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক উৎসবের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল দিনাজপুরের পার্বতীপুর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন এবং ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠান।

শনিবার (১৩ জুন,২০২৬ খ্রি.) বিকেল থেকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাজুড়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দিলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা)-এর সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। তিনি পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি, যুবদল রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ মুকুল, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আজম সোহেল, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতি, পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান সংগ্রাম।

বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, সালমা, সুকুমার ও মহুয়া মৌ, আকাশ মাহমুদসহ দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মেতে ওঠেন উৎসবের আমেজে। রাজনৈতিক সমাবেশ, ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক আয়োজন এই তিনের সমন্বয়ে অনুষ্ঠিত মহামিলন মেলাটি পার্বতীপুরে বিরল এক জনসমাগমের সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা এটিকে সম্প্রীতি, সৌহার্দ্য ও গণতান্ত্রিক চর্চার এক স্মরণীয় আয়োজন হিসেবে অভিহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *