শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকারে মিলল ১৯২ বোতল ভারতীয় মদ, আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় প্রাইভেকারটি জব্দ এবং সালমান (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (০৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। আটক হওয়া সালমান উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি অভিযানিক দল দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করে। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং প্রাইভেটকারের চালক সালমানকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান এব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে। আটক সালমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

