কোম্পানীগঞ্জে আবুল হত্যার আসামী গ্রেফতার না হলে ৭ জুন থেকে পরিবহন বন্ধ: শ্রমিক নেতাদের আল্টিমেটাম

সিলেট প্রতিনিধি:-সিলেটের কোম্পানীগঞ্জে আবুল হোসেন হত্যার প্রতিবাদে সিলেট ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার।

এছাড়া বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ বাদল মিয়া, নিহতের ভাই নুর মিয়া, আবদুল মতিন ভিআইপি, সদস্য আব্দুল জলিল, ইমরান মিয়া, কামাল আহমেদ মাস্টার, আনোয়ার হোসেন, সেলিম আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা জানান, গত ২১ মে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসীরা গৌরীনগর গ্রামের আবুল হোসেনকে নির্মমভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অন্যথায় আগামী ৭ জুন থেকে কোম্পানীগঞ্জে সকল ধরনের পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা। পাশাপাশি সিলেট থেকে কোম্পানীগঞ্জে কোনো নিত্যপ্রয়োজনীয় মালামাল প্রবেশ কিংবা কোম্পানীগঞ্জ থেকে বাইরে পরিবহন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

প্রতিবাদ সভার শুরুতে নিহত আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *