ইরান যুদ্ধে আমাদের জড়ানো ঠিক হয়নি: ট্রাম্প
সেখ রাসেল, দপ্তর সম্পাদক(আন্তর্জাতিক সংবাদ):
ইরান যুদ্ধে আমাদের জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন, ডোনাল ট্রাম্প। তিনি বলেন ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুরু থেকেই এসব সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি প্রকাশ করে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের বাগদাদে প্রবেশ এবং সেখানে দীর্ঘ সময় সামরিক উপস্থিতি রাখা ছিল একটি বড় ভুল। তাঁর ভাষায়, ইরাকে যা করা হয়েছে তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত এবং শুরু থেকেই সেখানে যুক্তরাষ্ট্রের থাকা উচিত ছিল না।
ইরান প্রসঙ্গেও একই ধরনের অবস্থান ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে জড়ানো ঠিক হয়নি। তবে তাঁর দাবি, কয়েক মাস আগে মার্কিন বাহিনী বি-২ বোমারু বিমান ব্যবহার করে হামলা না চালালে ইরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারত। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিত এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ত।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক বাহিনীর একটি অংশকে সরাসরি লক্ষ্যবস্তু করেনি। কারণ, তাদের মধ্যে কিছু অংশকে তুলনামূলকভাবে মধ্যপন্থী বলে মনে করা হয়। তবে তিনি জানান, ইরানের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, যুদ্ধে এমন পরিস্থিতিও তৈরি হয়, যেখানে একটি দেশের পুরো কাঠামো ধ্বংস হয়ে যায় এবং এরপর কয়েক দশক পেরিয়েও সেই দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। তাঁর মতে, সামরিক অভিযানের পরিণতি বিবেচনায় নিয়েই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
ইরান ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি, কারণ দীর্ঘমেয়াদি সংঘাত অনেক সময় সংশ্লিষ্ট দেশগুলোর পাশাপাশি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করে।

