পিরোজপুরে মরহুম তৌহিদ উদ্দিন শেখের কবর জিয়ারত করলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পিরোজপুর সফরকালে জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম তৌহিদ উদ্দিন শেখের কবর জিয়ারত ও দোয়ায় অংশগ্রহণ করেছেন।
শনিবার (৩০ মে) বিকেলে পিরোজপুর শহরের শেখপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মরহুম তৌহিদ উদ্দিন শেখের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমান, পিরোজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদ, সহ-সভাপতি তৌনিক উল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রিয়াজউদ্দীন রিয়াজ হাং, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক হাসিব হোসেন মিলন, সদস্য সচিব পারভেজ খান, জেলা ওলামা পার্টির আহ্বায়ক মহিউদ্দিন জিহাদিসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রবীণ নেতাদের অবদান স্মরণ ও মূল্যায়নের মধ্য দিয়েই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা সম্ভব। মরহুম তৌহিদ উদ্দিন শেখ জাতীয় পার্টির জন্য যে অবদান রেখে গেছেন, তা দলের নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

