খুলনায় পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সামনে হাতাহাতি
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা নগরের দৌলতপুরস্থ খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রাহকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ওই পাম্পে তেল দেওয়া নিয়ে দু’জন গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়। ঘটনার সময় নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের ওপরও হামলার চেষ্টা দেখা যায়। শহরের বিভিন্ন পাম্পে এমন উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা গেছে। মহানগর ঘেষা উপজেলা থেকে মোটরসাইকেল চালকরা তেলের জন্য লাইন দেওয়ায় জটলা ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রাহকের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতি হয়েছে। পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হলেও পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
জ্বালানি তেলের সরবরাহ সংকটের কারণে দেশজুড়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে তেল না থাকায় বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম, আর যেসব পাম্পে সীমিত পরিমাণে তেল রয়েছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না ভোক্তারা।
বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই প্রয়োজনীয় কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এতে করে নগরজীবনে স্থবিরতা নেমে এসেছে এবং গণপরিবহন চলাচলেও প্রভাব পড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হতে পারে এবং জনভোগান্তি বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

