ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে ইসরায়েলের হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে তাদের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব গন্তব্যের নির্ধারিত যাত্রীদের সরাসরি বিমানের সঙ্গে যোগাযোগ না করে বিমানবন্দরে না যেতে অনুরোধ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *