ঝিনাইদহে মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত- ঝিনাইদহ জেলা জামায়াতের শোক
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসাদ (৩৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ মহেশপুর উপজেলার কুল্লাহ গ্রামের আনারুল ইসলামের ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন একটি পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তাদের যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আসাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে।
এদিকে নিহত জামায়াত কর্মী আসাদের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। জেলা জামায়াতের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।##

