পিরোজপুরে সুজনের উদ্যোগে ‘জনতার মুখোমুখি’: উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি বিএনপি ও জামায়াত প্রার্থীদের

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে একই মঞ্চে অংশ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা উন্নয়ন ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনের প্রার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন উত্থাপন করেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহার, উন্নয়ন ভাবনা, জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।সুজন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম শেখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *