মতলবে কৃষি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
মোঃ খোরশেদ আলমঃ মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন ও অন্যত্র বিক্রির দায়ে মজিবুর রহমান (৫৪) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় প্রদান করেন। অর্থদণ্ড প্রদান করতে না পারলে অনাদায়ে এক মাসের জেল ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান ওই গ্রামের লাল মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরি ও অন্যত্র বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে অভিযুক্ত মজিবুর রহমানকে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ড প্রদান করা হয়। এ সময় মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ব্যত্যয় ঘটানোর কারণে এই দন্ড প্রদান করা হয়েছে।
ক্যাপশন: মতলব দক্ষিণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

