শেরপুরে ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরে ৫০টি বস্তায় আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে RAB। আটক হওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (৩৮) ও নুরুল আমিন (৩৪)।
২৩ জানুয়ারি শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের নন্দির বাজার নোয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে এসব মদ জব্দ করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনের মামলাসহ তাদেরকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
RAB সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে RAB-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দির বাজার নয়াপাড়া এলাকায় একটি চেকপোস্ট বসায়। ওইসময় একটি সন্দহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভিতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে RAB সদস্যরা পিছু ধাওয়া করে ৩ জনকে আটক করে।
পরে আটক হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি বস্তায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ এবং আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
RAB-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক শনিবার দুপুরে জানান আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

