গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় কেএমপি কমিশনারঃ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও মুখ্য সমন্বয়ক, গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম।
জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি কমিশনার মহোদয় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে প্রস্তাবিত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শুধু একটি ভোট নয়-এটি আমাদের রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে জনগণের সরাসরি মতামত প্রদানের একটি অনন্য সুযোগ, যেখানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর ভবিষ্যৎ পথরেখা প্রতিফলিত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সফলতা অনেকাংশেই নির্ভর করবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা, প্রশাসনিক সমন্বয় এবং ভোটারদের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর। গণভোটকে সফল করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা এবং পারস্পরিক মিথষ্ক্রিয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কেএমপি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটের দিন ভোটারগণ যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেএমপি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যাপ্ত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই জোরদার করা হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াত থেকে শুরু করে ভোট প্রদান ও নিরাপদে বাড়ি ফেরা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং আইনবিরোধী যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো ধরনের গুজব, অপপ্রচার, বিশৃঙ্খলা বা আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য); অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী, উপাচার্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা রেঞ্জ ডিআইজি-সহ খুলনাস্থ বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ।

