পিরোজপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান ও জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন। কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

