শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরেজমিন নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) জেলা প্রশাসক উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।
জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ওই সময় শেরপুরের পুলিশ সুপার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে জনসাধারণের মাঝে গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি করেন এবং মত বিনিময় করেন।

