পিরোজপুরে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে পিরোজপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও পিরোজপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার হুলারহাট–বানেশ্বরপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট ও সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। এ সময় পিরোজপুর পুলিশ, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী পরিচালিত অভিযানে দুটি ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটা এবং একটি পাঁজা ইটভাটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযানে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো—মেসার্স এম এস বি ব্রিকস, মেসার্স এম এন বি ব্রিকস ও মেসার্স আর আর বি ব্রিকস।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন বলেন,
“অবৈধ ইটভাটা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে—বায়ুদূষণ বাড়াচ্ছে, কৃষিজমি নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। বৈধ অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
এই অভিযানের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর আবারও প্রমাণ করেছে—পরিবেশ সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তারা আপসহীন। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় পিরোজপুরে দূষণ কমবে এবং পরিবেশবান্ধব উন্নয়নের পথ আরও সুগম হবে।

