পিরোজপুরে মানবিক উদ্যোগ গৃহহীন দম্পতিকে ঘরের চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসক
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামের অসহায় ও গৃহহীন বয়োজ্যেষ্ঠ ছালেক আকন দম্পতির জীবনে ফিরেছে স্থায়ী আশ্রয়ের নিশ্চয়তা। বুধবার (৭ জানুয়ারি) সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত একটি টিনশেড পাকা ঘরের চাবি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে পলিথিনে মোড়া একটি ছাপরা ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ছালেক আকন ও তাঁর স্ত্রী। তাঁদের এই করুণ অবস্থার কথা স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর–এর নজরে এলে বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই একটি পাকা ঘর নির্মাণ করে তা হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি আনুষ্ঠানিকভাবে বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন,
“গৃহহীন একটি বয়োজ্যেষ্ঠ দম্পতিকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পেরে আমরা আনন্দিত। এ কাজে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জেলা প্রশাসন এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সহ-সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার, দপ্তর সম্পাদক আল রাজী জোহা, সদস্য মনিরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজেদের নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত ছালেক আকন বলেন,
“অনেক কষ্টের জীবন পার করেছি। আজ পাকা ঘর পেয়ে মনে হচ্ছে আবার নতুন করে বাঁচার সুযোগ পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ শুধু আশ্রয়ের ব্যবস্থা নয়, বরং মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথও তৈরি করে দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত এই ঘরটি ছালেক আকন দম্পতির জীবনে নিরাপত্তা ও স্থায়িত্ব এনে দিয়েছে।

