চাঁদপুরে আওয়ামীলীগ নেতা জসীমের বিরুদ্ধে বসতঘর দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের মধ্য বিশকাঠালী গ্রামের মিয়াজী বাড়ীর মরহুম মফিজ উদ্দিন মেম্বারের ছোট ছেলে কাতার প্রবাসী মোঃ জসীম উদ্দিনের বিরুদ্ধে তারই আপন বড় ভাই কাতার প্রবাসী মোঃ মানিক রহমানের বসতঘর জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলের বিষয়টি নিশ্চিত করেছেন,ভোক্তভোগী মানিক রহমান।
অভিযুক্ত জসীম উদ্দিন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০২৪ সালে ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে মোটা অংকের অর্থ খরচের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোক্তভোগী মানিক রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি প্রায় দুই যুগ ধরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মরত। আমার পিতার মৃত্যুর আগে থেকেই সংসারের হাল ধরেছি। অস্বচ্ছল ভাই বোনদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা করেছি। পরিবারের সবাই মিলে একত্রে মিশে থাকার জন্য আমার টাকায় একটি দ্বিতল ভবন করে ছোট ভাই জসীম উদ্দিনকে নীচতলায় বসবাস করতে দিয়েছি। জসীম কাতার যাওয়ার আগ পর্যন্ত এখানেই বসবাস করতেন।
তিনি আরো জানান,আমার ছোট ভাই জসীম উদ্দিনকে আমি নিজে কাতার এনে ভালো কাজের ব্যস্ততা করে দিয়েছি। তার আর্থিক অবস্থা ভালো হওয়ার পর তার স্ত্রী ও সন্তানদের কাতারে নিয়ে আসে। বর্তমানে পরিবারসহ কাতারে বসবাস করছেন।
সে আর্থিক ভাবে স্বচ্ছল হবার পর থেকেই তার স্ত্রীর কুপরামর্শে আমার পিছনে লেগেছে।
বাড়িতে আমার বসতঘর জোরপূর্বক দখল করে রেখেছে। তাকে বহুবার বলার পরেও বসতঘরটি ছাড়তে টাল বাহানা করে যাচ্ছে।
তিনি আরো জানান, জসীমকে বসতঘর ছাড়তে বলায়,সে আমাকে বিভিন্ন মাধ্যমে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে দেশে আসলে তার লোকজন দিয়ে গুম করারও হুমকি দিচ্ছে।
মানিক ও জসীমের “মা” জয়তুন বেগম জানান,আমার দুই ছেলেকে আমি গর্ভে না ধারণ করলেও আমি তাদেরকে আপন মায়ের মত করেই নিজের গর্ভের সন্তানের মতই মনে করি এবং ভালোবাসি।
আমার স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেছেন বড় ছেলে মানিক,তার অবদান অস্বীকার করার উপায় নেই। আমি আমার সন্তানদের ভালোভাবে চিনি। তারা এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন এক ভাই আরেক ভাইয়ের প্রতি এমন আক্রোশ প্রকাশ করবে, সেটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই আমার দুই সন্তানই আগের মত একে অপরের প্রতি যেন ভালোবাসে এবং সম্মান করে। তিনি আরো বলেন, তৃতীয় কোন পক্ষ দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের সুখের সংসার ধ্বংস করার চেষ্টা করছে।
অপরদিকে কাতারে অবস্থানরত অভিযুক্ত মোঃ জসিম উদ্দিনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

