পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিরোজপুর-১ আসনের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলীয় মনোনয়ন (নমিনেশন) পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো নির্বাচনী এলাকায় যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, বিপদে-আপদে যাঁকে সর্বদা পাশে পাওয়া যায়, সেই আস্থাভাজন নেতার নাম ঘোষণা হওয়ায় মানুষ স্বস্তি ও তৃপ্তি প্রকাশ করছে। মনোনয়নের খবর পিরোজপুরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, শ্লোগান ও মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও এ মনোনয়নে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় জনগণের মতে, তৃণমূলের কর্মী থেকে শুরু করে মেহনতি মানুষের পাশে যাঁর নিয়মিত পদচারণা, তাকেই বেছে নিয়েছে দল – এটি শুধু দলীয় সিদ্ধান্ত নয়, বরং পিরোজপুরবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিফলন।
বিএনপির কয়েকজন সমর্থক বলেন, “যেকোনো প্রয়োজনে ডাকলেই যিনি পাশে দাঁড়ান, আজ তারই মূল্যায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি, সংসদে গিয়েও তিনি আমাদের অঞ্চলের অবহেলিত মানুষের কথা পৌঁছে দেবেন।” সাধারণ মানুষের প্রত্যাশা—এই যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব পিরোজপুরের উন্নয়ন ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অধ্যক্ষ আলমগীর হোসেনের মনোনয়ন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। দলীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এই মনোনয়নকে ‘জনগণের আকাঙ্ক্ষার বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

